About us
প্রবাসী বাঙালীদের নিয়ে দেশে নানামুখী
আলোচনা আছে। প্রবাসীর প্রবাস যাত্রা, নানাভাবে তাদের প্রতারিত হওয়ার ঘটনা, কিংবা বিদেশে
পাড়ি জমানোর পর তাদের কর্মক্ষেত্রের জটিলতা, নারী প্রবাসীদের নিয়ে নানা ধরণের ঘটনা
কিংবা রটনা, পাশাপাশি আছে তাঁদের সফলতার কথা, রেমিটেন্স কুড়ানোর পজিটিভ প্রচারণা। প্রবাসী
কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ব্যাংকসহ নানান সংস্থা প্রবাসীদের কেন্দ্র করে গড়ে
উঠেছে। সেবা দিচ্ছে, সেবা নিচ্ছে অনলাইন-অফলাইনে গড়ে ওঠা বিভিন্ন সংস্থা-সংগঠন।
কিন্তু আমরা খুব খেয়াল করে দেখেছি-
প্রবাসীদের নিয়ে এইসব খবর আর বড়জোর ফিচারের বাইরে তাদের নিয়ে সাহিত্যকেন্দ্রিক কোনো
উল্লেখযোগ্য উদ্যোগ এ দেশে নেই। না সিরিয়াস সাহিত্যে না জনপ্রিয় ধারার সাহিত্যে প্রবাসীদের
গুরুত্ব দিয়ে লেখা হয়নি কোথাও। দেশের স্বনামধন্য কবি-গল্পকার-উপন্যাসিকদের কারো কলমেই
প্রবাসী ক্যারেক্টার প্রাধান্য পায়নি তেমনভাবে।
আমরা সে জায়গাটায় শুরু করতে চাই। প্রবাসীদের
জীবন, প্রবাসীদের কষ্টের গল্প, আনন্দের আলাপ, তাঁদের নিয়ে ছড়া-কবিতা ইত্যাদির মধ্য
দিয়ে কেবলমাত্র প্রবাসী চরিত্রকে প্রাধান্য দিয়ে দেশে এই প্রথম সম্পূর্ণ প্রবাস-প্রসঙ্গের
সাহিত্যের প্লাটফর্ম হিসেবে কাজ করতে চায় আমাদের সাইট ’প্রবাসীর গল্প’। এখানে সিরিয়াস
ধারার প্রফেশনাল লেখকদের লেখা যেমন প্রকাশিত হবে, তেমনি প্রকাশিত হবে প্রবাসী বন্ধুদের
নিজের লেখা নিজের গল্প। প্রয়োজনে প্রবাসীর কাছে তাঁর গল্প মৌখিকভাবে শুনে আমাদের টিম
অনুলিখনের মাধ্যমে তা প্রকাশ করবে। এবং আমরা স্পষ্ট জানাতে চাই প্রবাসীর নিজের অভিজ্ঞতা,
নিজের লেখা, নিজের জীবনগাথাই প্রাধান্য পাবে আমাদের কাছে।
উন্নত সাহিত্যের দোহাই দিয়ে আমরা প্রবাসীদের নিজের লেখাকে খাটো করতে চাইবো না। যারা সিরিয়াস লেখক তারা এ বিষয়ে সিরিয়াসলি লিখুন। আমরা আপনার লেখা যথেষ্ট যত্ন দিয়ে প্রকাশ করবো। পাশাপাশি প্রবাসী বন্ধুদের কাঁচা হাতে কলম তুলে দিতে আমরা সচেষ্ট থাকবো। আমরা মনে করি ‘প্রবাসীর গল্প’ আজ যে প্রবাসীর অভিজ্ঞতা প্রকাশ করবে, যেভাবে প্রকাশ করবে তা-ই আগামীদিনের বাংলা সাহিত্যের আলোচ্য প্রসঙ্গের সত্যিকারের রসদ হিসেবে কাজে লাগবে। দ্যাটস অল ইয়োর অনার…
মন্তব্যসমূহ